অবিশ্বাস্য নাটকীয়তায় ম্যাচ ‘টাই’ ভারতের সঙ্গে সিরিজে সমতা মেয়েদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৫:১৬:১৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য ভারতের দরকার ৬ বলে ৩ রান। বাংলাদেশের প্রয়োজন ১ উইকেট। বাংলাদেশ ও ভারতীয় নারী দলের ক্রিকেটার ও কোচরা ভিড় করেছেন ডাগআউটে। শেষ ওভার করতে আসেন মারুফা। তার প্রথম দুই বলে রান নিলে ম্যাচে চলে আসে সমতা। ভারতের বিজয় প্রায় নিশ্চিত। তৃতীয় বলেই মারুফাকে লেট কাট করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যান ভারতীয় ব্যাটার মেঘনা। মিরপুর স্টেডিয়ামে শুরু হয় ভারতের বিপক্ষে ম্যাচ ‘টাই’ হওয়ার আনন্দ। প্রথম ম্যাচ বাংলাদেশ জেতার পর দ্বিতীয়টি জেতে ভারত। শেষ ম্যাচ টাই হওয়ায় সন্তুষ্ট থাকতে হয় সমতায়। তবুও অবশ্য উৎসবে মাতেন মেয়েরা। ভারতের বিপক্ষে যে প্রথম ওয়ানডে জয়টিও এসেছে এই সিরিজেই। গতকাল
শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ করে স্বাগতিকরা। ইনিংসের তিন বল বাকি থাকতে এই রানেই অলআউট হয় ভারত। এদিন, দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির কীর্তি গড়েন ফারজানা। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে উইকেটে টিকে ছিলেন ৫০তম ওভার পর্যন্ত। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যাওয়ায় অপরাজিত থেকে ফিরতে পারেননি। আউট হওয়ার আগে ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান। উঠে যাওয়ার সময় দর্শকদের পাশাপাশি ভারতীয় ফিল্ডারদের অভিনন্দনও পেয়েছেন ফারজানা।
সংক্ষিপ্ত স্কোর ঃ বাংলাদেশ: ৫০ ওভারে ২২৫/৪ (শামীমা ৫২, ফারজানা ১০৭, নিগার ২৪, রিতু ২, সোবহানা ২৩*; স্নেহ ২/৪৫, দেবীকা ১/৪২)। ভারত: ৪৯.৩ ওভারে ২২৫ (হারলিন ৭৭, স্মৃতি ৫৯, জেমিমা ৩৩*, হারমানপ্রীত ১৪, দীপ্তি ১০; নাহিদা ৩/৩৭, মারুফা ২/৫৫, রাবেয়া ১/৩০, ফাহিমা ১/৪৮, সুলতানা ১/৪৯)। ফল: টাই। সিরিজ: ৩ ম্যাচ সিরিজ ১-১ ড্র। প্লেয়ার অব দ্য ম্যাচ: হারলিন দেওল। প্লেয়ার অব দ্য সিরিজ: ফারজানা হক।




