৪ দিনের রিমান্ডে
উপাধ্যক্ষ আব্দুস শহীদের বাসায় মিললো লাগেজভর্তি টাকা, সোনা ও বিদেশি মুদ্রা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৮:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের রাজধানীর উত্তরাস্থ বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা, বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ১০নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লক্ষ ২৭ হাজার টাকা, ১,৯৫৩ ইউএস ডলার, ১,১২০ কানাডিয়ান ডলার, ১,১০০ ইউরো, ৩,১১৭ কাতার রিয়াল, ৫,৩০০ থাইবাথ, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার; ৩০০০ রুপি উদ্ধার করা হয়েছে।
এছাড়াও কৃষিমন্ত্রীর বাসায় এবং ৯৯০ দশমিক ৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘গ্রেফতারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।’
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রুজুকৃত উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরো দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বিগত পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে আব্দুস শহীদ দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের পর কৃষিমন্ত্রী ছিলেন।




