মৌলভীবাজারে এসএসসি পরীক্ষার্থীদের খাতা নিয়ে রাখায় শিক্ষককে অব্যাহতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৫, ৯:২১:১১ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজারে নিয়মবহির্ভুতভাবে এসএসসি পরীক্ষার্থীদের খাতা নিয়ে রাখেন শিক্ষক মো: আব্দুস ছাত্তার। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর মধ্যস্থতায় শিক্ষক মো: আব্দুস ছাত্তার অভিভাবকদের কাছে ক্ষমা চান। ঘটনার দিনই পরীক্ষা কমিটি তাৎক্ষণিকভাবে শিক্ষক মো: আব্দুস ছাত্তার’কে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
জানা যায়, গত সোমবার মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষা কমিটির সদস্য ও ওই বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুস ছাত্তার ২৪ নম্বর কক্ষে গিয়ে শিক্ষার্থীদের ক্যালকুলেটর দিতে বলেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেবজোতি দাশ দিব্য ক্যালকুলেটর দেননি। পরবর্তীতে তিনি ওই কক্ষের ১০/১২ শিক্ষার্থীর ক্যালকুলেটর ৩০ মিনিট রাখেন। পরীক্ষা চলাকালে মো: আব্দুস ছাত্তার ওই শিক্ষার্থীদের পেপার ১৫ মিনিট নিয়ে রাখেন। পরীক্ষা শেষে অভিভাবকরা এ ঘটনা শুনলে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস (শিক্ষা ও আইসিটি) এর কক্ষে বসে সমাধান হয়। শিক্ষক মো: আব্দুস ছাত্তার নিয়মবহির্ভুত কাজের জন্য অভিভাবকদের কাছে নি:শর্ত ক্ষমা চান।
এ বিষয়ে অভিভাবক মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক বলেন, নিয়মবহির্ভুতভাবে পরীক্ষা কমিটির সদস্য মো: আব্দুস ছত্তার আমার মেয়ে সহ ১০/১২ জন মেয়ের প্রথমে ক্যালকুলেটর এবং পরে খাতা নিয়ে রাখেন। এ জন্য পরীক্ষার্থীদের উত্তরপত্র লিখতে ব্যাঘাত ঘটেছে। ওই শিক্ষক পেপার নিয়ে শিক্ষার্থীদের বলেন “এবার এ প্লাসের খায়েশ মিটবে”। আমরা দাবি করেছি ওই শিক্ষককে পরীক্ষা কমিটি থেকে বহিষ্কার এবং ভবিষ্যৎতে যাতে কোনো দিন তাকে পাবলিক পরীক্ষায় দায়িত্ব দেয়া না হয়।
কেন্দ্র সচিব মোহাম্মদ কামাল হোসেন বলেন, পরীক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মো: আব্দুস ছাত্তারকে পরীক্ষা কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি তার এ ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।




