কোম্পানীগঞ্জে যুবককে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ১:০৪:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত হয়েছেন। হামলাকারী কর্তৃক এসময় আহত যুবকের নিকট থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (১৯ মে) সকালে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম ইমাম উদ্দিন (২৭)। তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা শমসির আলীর ছেলে।
অভিযোগসূত্রে জানা যায়, সকালে ইমাম উদ্দিন তার বড়ভাই আল আমীনের মালিকানাধীন ‘আল্লাহ ভরসা ইলেকট্রিক’ দোকানে গচ্ছিত ২ লাখ টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন। ইমাম উদ্দিনের বড় ভাই ও ইলেকট্রিক ব্যবসায়ী আল আমীন এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিবেশী সফিক মিয়া ও তার সহযোগীরা ইমাম উদ্দিনকে স্থানীয় গাংপার এলাকায় রাস্তা আটকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এসময় তার সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়।
আহত যুবকের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত ইমাম উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, পূর্ব শত্রুতার জেরে মারামারির খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




