ওসমানীনগরে দস্যুতার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:৫৩:৪১ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে দস্যুতার অভিযোগে উপজেলা যুবদলের ১ম যুগ্ম-আহবায়ক আহবাবুল হোসেন আহবাবকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসি গোলাম রব্বানী সোহেলের বাড়িতে উপজেলা যুবদলের ১ম যুগ্ম-আহবায়ক আহবাবুল হোসেন আহবাব (৪০) এর নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় গত শুক্রবার ওসমানীনগর থানায় ২১ জনের নাম উল্লেখসহ আরো ৪০/৪৫জন অজ্ঞাত লোককে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদিমপুর গ্রামের ৪জনকে ও ১৫১ ধারায় ১১জনসহ মোট ১৫জনকে আটক করে মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়। বিষয়টি দৈনিক সিলেটের ডাকসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।




