শ্রীমঙ্গলে চা-বাগানে বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫, ৪:৫০:৫৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গলে কাকিয়াছড়া চা বাগান এলাকা থেকে কলেজ ছাত্র হৃদয় আহমেদ ইয়াসিন নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, নিহত যুবকের নাম হৃদয় আহমেদ ইয়াসিন। সে রোববার সন্ধ্যায় একটি মোটরবাইক নিয়ে বাসা থেকে বের হয়। পরে তার মরদেহ চা বাগানে পাওয়া যায়।
নিহত যুবক শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকার মোহাম্মদ লিটন মিয়া ও হাসিনা বেগমের সন্তান বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহতের পরিবার শ্রীমঙ্গল শহরের শাহীবাগ আবাসিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।
সে ডিশ ও ইন্টারনেট প্রতিষ্ঠানে কাজ করতো। পাশাপাশি সে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী। ঘটনার সাথে জড়িতদের আটক ও নিহতের সাথে থাকা মোটরবাইক উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।




