মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে এমসি কলেজে বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ১:৪১:৫১ অপরাহ্ন
অনলাইন নিউজ : রাজধানীর মিটফোর্ডে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত পৌঁনে ১০ টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি এমসি কলেজ ছাত্রাবাস থেকে শুরু হয়ে টিলাগড় পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘একশন একশন ডাইরেক্ট একশন, দিয়েছিতো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ‘বিচার-বিচার, বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাজিদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো: রুম্মান আহমদ তালুকদার, মো: কাওছার মিয়া, মো: বিল্লাল আহমদ প্রমুখ।
এসময় তারা বলেন, সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হ’ত্যা এবং দেশের বিভিন্ন প্রান্তে অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা এমসি কলেজের শিক্ষার্থীরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ দিনের পর দিন অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে।
তারা আরও বলেন, আমরা আজকের বিক্ষোভের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যকে এই দেশের শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না। আমরা দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, করবেও না। দেশের প্রতিটি কোণে শান্তি, ন্যায়বিচার এবং নিরাপত্তা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”




