দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৪:১৯:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে গরু চোরাকারবারীদের লক্ষ্য করে ভারতীয় বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৪৫)উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর পুত্র। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সিও লে. এন্ড কর্ণেল জাকারিয়া কাদির জানান, মধ্যরাতে জেলার দোয়ারাবাজার সীমান্তে ভাঙ্গারপাড় নামক স্থান দিয়ে ১০-১২ জন বাংলাদেশী চোরাকারবারী গরু চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় বিএসএফের টহল দল বাঁধা প্রদান করে। এসময় গরু চোরাকারবারিরা বিএসএফ টহল দলের উপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করলে বিএসএফ ৪-৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে বিএসএফ টহল দল চোরাকারবারীদের উদ্দেশ্য করে ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়লে বাংলাদেশী নাগরিক মো. শফিকুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীয় চোরাকারবারিরা গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। পরিবারের লোকজন তাঁকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ ব্যাপারে বিজিবি এ ব্যাপারে প্রটেস্ট নোট পাঠিয়েছে এবং পতাকা বৈঠকের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।




