হাসিনা গুম-খুন, লুটতরাজ করে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল- ব্যারিস্টার সালাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৩:০৯:২৫ অপরাহ্ন
অনলাইন নিউজ: বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, তারেক রহমান দীর্ঘ লড়াইয়ের পরই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও খুনী হাসিনার কবল থেকে দেশ ও দেশের আপামর জনগণকে মুক্ত করেছেন। এই আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। বিগত সময়ে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার যাঁরা হয়েছেন, তাঁদের তালিকা প্রস্তুত করার দাবি জানান তিনি। দ্রুত বিচারের ব্যবস্থা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি তুলেন তিনি।
‘জুলাই অভ্যুত্থান: আগামীর বাংলাদেশ এবং তারেক রহমান’- শিরোনামে শনিবার নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই অভুত্থান একদিন নয়, দুই দিন নয় এমনকি বছরও নয়, দীর্ঘ ১৭ বছরব্যাপী আন্দোলনের মাধ্যমে প্রেক্ষাপট তৈরী হয়। দীর্ঘ এই সময়ে নির্মম অত্যাচার-নির্যাতন, লক্ষ লক্ষ গায়েবী মামলা, গ্রেপ্তার, হত্যা, বাক-স্বাধীনতা হরন, লুটতরাজ এবং গুম-খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসকগোষ্ঠী। সিলেটের কিংবদন্তী নেতা এম ইলিয়াছ আলী, ইফতেখার হোসেন দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ গুম হওয়া অসংখ্য পরিবার এখনও তাদের স্বজনদের কোন সন্ধান পায়নি।




