শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি
নূরুল ইসলাম নাহিদের ঘনিষ্টজনকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন নিয়ে বিতর্ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৩:৩২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ‘শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আমাকে উপাধ্যক্ষ বানিয়েছেন এবং বিয়ানীবাজার কলেজ থেকেই অবসরে যেতে চাই- এটাই আমার অন্তিম চাওয়া”-এমন মন্তব্য করেছিলেন প্রফেসর মোঃ তারিকুল ইসলাম। তাকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
একটি সূত্র জানায়, প্রফেসর তারিকুল ছিলেন নূরুল ইসলাম নাহিদের ঘনিষ্টজন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তাকে সিলেট শিক্ষাবোর্ডের সচিব হিসেবে পদায়ন করা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। অন্যদিকে, স্বনামধন্য শিক্ষক চৌধুরী মামুন আকবরকে অন্যত্র বদলি করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রফেসর মোঃ তারিকুল ইসলামের পদায়ন বাতিলের দাবি উঠেছে। এর দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২ জুন ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আদেশ নং ৩৭.০০.০০০০.০৯০.০২.০০৫.২০২৫-২২০ অনুযায়ী মোঃ তারিকুল ইসলাম (আইডি: ৪২৪৩), অধ্যাপক, ইংরেজি বিভাগ, উপাধ্যক্ষ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেটকে সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট পদে প্রেষণে পদায়নের আদেশ জারি করা হয়েছে। এতে আরো উল্লেখ করা হয় মো: তরিকুল ইসলাম একজন প্রাক্তন বিতর্কিত শিক্ষাপ্রশাসক, যিনি দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদী শাসনের ঘনিষ্ঠ ‘দোসর’ হিসেবে পরিচিত ছিলেন। তাকে শিক্ষা বোর্ডের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়াকে আমরা ‘জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে উপহাস’ হিসেবে দেখছি।
শিক্ষার্থীরা মোঃ তারিকুল ইসলামকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়নের আদেশ বাতিল করার দাবি জানায়। সেই সঙ্গে শিক্ষা বোর্ড থেকে ফ্যাসিবাদপন্থী কর্মকর্তাদের অপসারণ করে প্রকৃত অর্থে গণতান্ত্রিক ও বিপ্লবপন্থী কর্মকর্তা নিয়োগ দিয়ে জুলাই বিপ্লবের চেতনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার আহবান জানানো হয়।




