বিয়ানীবাজারে শহীদ তুবার চত্বরের উদ্বোধন
শহীদ তুরাবসহ সকল টার্গেট কিলিংয়ের বিচার দ্রুত হবে- বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৮:৫২:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, শহীদ সাংবাদিক তুরাব একজন সাহসী, মেধাবী ও পেশাদার সাংবাদিক ছিলেন। তিনি টার্গেট কিলিংয়ের শিকার। তাই শুধু শহীদ তুরাব নয় জুলাই আন্দোলনে যারাই টর্গেট কিলিংয়ের শিকার হয়ে শহীদ হয়েছেন সবার বিচারিক প্রক্রিয়ার দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
তিনি আজ রোববার (১৩ জুলাই) দুপুরে সিলেটের বিয়ানীবাজার পৌর মিলনায়তনে বিয়ানীবাজার নাগরিক কমিটি আয়োজিত দৈনিক জালালাবাদ ও নয়া দিগন্তের রিপোর্টার শহীদ আবু তাহের মো. তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।
মাওলানা সাব্বির আহমদ খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে শুরুতে বক্তব্য রাখেন শহীদ সাংবাদিক তুরাবের বড়ো ভাই আবুল আহছান মোঃ আযরফ জাবুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, বিয়ানীবাজার প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল আহমদ, শিক্ষাবিদ মাওলানা জমির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস এর সিলেট অফিসের প্রধান মইন উদ্দিন মনজু, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, চীফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সিনিয়র ক্যামেরাপার্সন লিটন চৌধুরী, একাত্তর টিভির ক্যামেরাপার্সন মারজান, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সাবেক চেয়ারম্যান আবুল খায়েরসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সমাজসেবী।
এর আগে বিভাগীয় কমিশনার বিয়ানীবাজারে শহীদ তুবার চত্বর উদ্বোধন করেন। পরে শহীদ তুরাবের কবর জিয়ারত করেন এবং বাড়িতে গিয়ে শহীদের মায়ের সাথে সাক্ষাত করে কুশল বিনিময় করেন। এসময় তিনি শহীদ তুরাবের মায়ের হাতে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন।




