২৪ ঘণ্টার বিদ্যুৎ ভোগান্তিতে সিলেট নগরীর প্রি-পেইড গ্রাহকরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ১:৩৮:০২ অপরাহ্ন
আনাস হাবিব কলিন্স :
সার্ভার জটিলতায় নগরীতে বিদ্যুতের প্রি পেইড মিটার ব্যবহারকারীরা ২৪ ঘণ্টার দুর্ভোগ-ভোগান্তিতে পড়েন। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে সার্ভার ফের সচল হলে গ্রাহকরা কিছুটা স্বস্তি¡র নি:শ্বাস ফেলেন।
গত রোববার থেকে নগরীর বিভিন্ন এলাকার প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের মিটার রিচার্জ করতে না পারায় দুর্ভোগে পড়েন। ফলে, অনেক গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন গতকাল বিকেল ৪টা পর্যন্ত। ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান। পানির মোটর চালাতে না পারায় অনেকে বাসা-বাড়ির পানি উত্তোলনসহ নিত্যকার কাজ করতে পারছিলেন না। এইচএসসি পরীক্ষা চলাকালে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। অসংখ্য ক্ষুব্ধ গ্রাহক গতকাল সোমবার সকাল থেকে নগরীর শাহজালাল উপশহর বিদ্যুৎ অফিসে ভিড় করেন।
ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ অফিস তাদের সমস্যার কোনো সমাধান না দিয়ে শুধু মিটার পরিবর্তনের পরামর্শ দিয়ে পরিবর্তনের ফরম ধরিয়ে দেয়। এই মিটার কারা লাগিয়ে দেবে, কি ভাবে কি করা হবে-তাও স্পষ্ট করেননি সংশ্লিষ্টরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রাহক জানান, কোন কিছু না জানিয়েই মিটারে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে তাদের অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে। এখন মিটার বদলানোর পরামর্শকে বিদ্যুৎ বিভাগের ‘ফাজলামি’ বলে আখ্যায়িত করেন ওই গ্রাহক। এক পর্যায়ে গ্রাহকদের ভিড় বাড়তে থাকায় দুপুরে সেখানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও অবস্থান নেন। বিকেল ৪টার দিকে বিদ্যুৎ কর্তৃপক্ষ হ্যান্ড মাইকে সার্ভার সচল হওয়ার ঘোষণা দিলে জনমনে স্বস্তি ফিরে আসে।
নগরীর উত্তর বালুচর আল-ইসলাহ’র বাসিন্দা নূরুল হক চৌধুরী জানান, হঠাৎ করে প্রি-পেইড মিটার রিচার্জ না হওয়ায় গত রোববার রাত অন্ধকারে কাটিয়েছেন। বিদ্যুতের কারণে গতকাল দিনভর পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বলেও জানান। বিদ্যুৎ কর্তৃপক্ষকে এ ধরনের খামখেয়ালিপনা পরিহারের আহ্বান জানান তিনি।
ভার্থখলার বেলাল আহমদ চৌধুরী বলেন, ঘোষণা ছাড়াই সার্ভার জটিলতা আমাদেরকে হয়রানির শামিল। জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কার্যক্রম বন্ধের আহবান জানান তিনি।
যোগাযোগ করা হলে পিডিবি, বিক্রয় বিতরণ-২ এর নিনির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সিলেটের ডাককে জানান, এই সার্ভার ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। সেখানে গত রোববারই যোগাযোগ করা হয়েছে। এটি সচল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলে জানান।
তিনি আরো জানান ২০০৫, ২০১২ ও ২০১৪ সালে লাগানো এসব পুরাতন মিটারে নানা জটিলতা থাকায় চলতি মাস থেকেই তা পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে পুরাতন মিটারের রিচার্জ সার্ভার বন্ধ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে, গতকাল বিকেল ৪টার আগেই সার্ভার সচল হওয়ার কথা জানান তিনি।




