শ্রীমঙ্গলে প্রবাসীর কাছে চাঁদা দাবি করে বিএনপি নেতা কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ১:৫৪:২১ অপরাহ্ন
ডাক ডেস্ক : শ্রীমঙ্গলে এক প্রবাসী ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে এখন কারাগারে আছেন এক বিএনপি নেতা। তার নাম শেখ জসিম উদ্দিন (৩৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। গত রোববার সকালে মৌলভীবাজার ২নং আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করেন।
জানা যায়, ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম স্থাপনের কাজ শুরুর পর শেখ জসিম উদ্দিন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফার্ম ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন জসিম। স্থানীয়ভাবে বিষয়টি মিটমাট করতে না পারায় হাফিজুর রহমান মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে জসিমের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম অভিযুক্ত জসিমকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।




