ওসমানী মেডিকেল এলাকার তিন ফার্মেসিকে ৬৩ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ২:১৮:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলা প্রশাসনের অভিযানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল রোড ও আশেপাশের এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রাগস অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করার দায়ে ৩টি প্রতিষ্ঠান থেকে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে সিলেট মেডিকেলকে ৫০ হাজার, শেফালী ফার্মেসিকে ১০ হাজার এবং অন্য আরেকটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। জেলা প্রশাসনের আদেশে এই মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, ভোক্তাদের কথা চিন্তা করে এ ধরনের অভিযান চালানো হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




