সিলেটে সোয়া কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ৭:২২:৪৮ অপরাহ্ন
সিলেটে ১ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ী, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ এবং বিয়ার আটক করে। আটককৃত মালামালের বাজারমূল্য- ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।




