নগরীর বালুচর এলাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৬:১৯:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর বালুচর এলাকায় নিশাত ফাতিমা চৌধুরী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সেখান থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরী সিলেটের জকিগঞ্জ থানাধীন পরচক এলাকার শফি আহমদ চৌধুরীর স্ত্রী। সাংসারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বর্তমানে সিলেটের শাহপরাণ থানাধীন বালুচরের আরামবাগে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শফি আহমদ চৌধুরী ও তার স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ চলছে। বুধবার ভোরবেলা নিশাত ফাতিমা চৌধুরী জানালার গ্রিলে ওড়না দিয়ে গলায় পেচিয়ে ফাঁস লাগেন। ৯৯৯ কল পেয়ে পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নগরীর বালুচরের একটি বাসা থেকে ২ সন্তানের জননী নিশাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




