চারিকাটায় চা-বাগানের ইজারা বাতিল ও ভূমিহীনদের স্থায়ীভাবে বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ১০:৩১:৩৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে অবস্থিত “দি মেঘালয় টি এস্টেট” নামীয় চা-বাগানের ইজারা বাতিল ও ভূমিহীনদের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ২টায় চারিকাটার পাঁচ মৌজাবাসীর উদ্যোগে আয়োজিত জৈন্তাপুর উপজেলা সদরে “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” নামীয় চা-বাগানের ভূমির ইজারা বাতিল করে এখানে বসবাসকারীদের নামে স্হায়ী বন্দোবস্ত প্রদানের দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি চারিকাটা দি মেঘালয় টি এস্টেট এলাকা থেকে শুরু হয়ে জৈন্তাপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা সদরে বাসস্ট্যশন সংলগ্ন তামাবিল মহাসড়কের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাঁচ মৌজার বর্ষিয়ান মুরুব্বি সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল আহমদ, ইউপি সদস্য হাফিজ জালাল আহমদ,
ইউপি সদস্য মনির আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, কামাল উদ্দিন, সামসুল হক,আবদুল মালিক, জহিরুল ইসলাম, নেছার আহমেদ, ফয়সল আহমেদ, জুবায়ের আহমেদ ও মাষ্টার দেলোয়ার হোসেন সহ পাঁচ মৌজার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পাঁচমৌজার মানুষ স্বাধীনতার পূর্ব থেকে এই অঞ্চলে বসবাস করে আসছেন।
বিগত সরকার “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” নামীয় চা-বাগানের নামে ইজারা দিয়ে এখানে বসবাসকারীদের বাস্তুহারা করার অপচেষ্টায় চালিয়ে আসছে। এলাকার মানুষ যারা এই অঞ্চলে বসবাস করছে তাদের নামে স্হায়ী বন্দোবস্ত প্রদানের আহবান জানান।
চারিকাটা ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীন বাসিন্দাগণ অত্র ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব, ভিত্রিখেল পশ্চিম, ভিত্রিখেল উত্তর, নয়াখেল উত্তর, নয়াখেল দক্ষিন এই পাঁচ’টি মৌজায় বসতবাড়ী নির্মাণ করে বংশানুক্রমে বসবাস করে আসছেন। পাঁচ’টি মৌজায় অন্তত ২ হাজার ৩ শত পরিবারের অন্তত ১৫ হাজার লোক বসবাস করেন। বিগত ২০০৮ সাল থেকে এলাকাবাসি “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” কোম্পানীর নামে ভূমি বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়ে আসছিলেন।
আওয়ামী লীগ সরকারের আমলে একজন মন্ত্রীর আত্মীয় রাজনৈতিক প্রভাব কাটিয়ে “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” চা-বাগানের নামে ভূমির লীজ নিয়েছিলেন।
“দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” নামীয় চা-বাগানের ভূমির ইজারা বাতিল করে সরজমিনে তদন্ত পূর্বক এখানে বসবাসরত ভূমিহীন পরিবারের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করার দাবী জানানো হয়েছে।
বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ভূমি উপদেষ্টা বরাবর এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্প্রতি স্মারকলিপি প্রদানের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত সাপেক্ষে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এখানে বসবাসরত হাজার হাজার মানুষের স্বার্থের কথা বিবেচনা করে প্রতিবেদন দেওয়ার আহবান জানান। ইজারা বাতিল কার্যক্রম বিলম্ব হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানানো হয়েছে।




