সুনামগঞ্জে প্রধান শিক্ষককে পেটানোর হুমকি বিএনপি নেতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৬:১৩:২৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বিএনপি নেতার দেওয়া হুমকি ও গালিগালাজের ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই রেকর্ডে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজা মিয়া চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
রেকর্ডে ওই নেতা বলেন, ‘আমি তরে পিটমু, তোর কোন বাপে ফিরাইত পারতনায়। তুই আমার লগে বহুত বেয়াদবি করছিস, পিটা (পিটুনি) তো খাইছস না বেয়াদবের বাচ্চা। পিটা (পিটুনি) খাইবার লাগি বার চা (অপেক্ষা কর)।’ এ রকম হুমকির ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, ‘স্কুলের মাঠ ভরাটের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাদ্দ পাওয়া যায়। কাজ করতে গেলে রাজা মিয়া বাধা দেন। আমি ইউএনওকে জানিয়ে প্রশাসনের সহযোগিতায় কাজ করি। এতে তিনি ক্ষুব্ধ হন। এরপর এসএসসি পরীক্ষার রেজাল্ট জানানো না-নিয়েও তিনি আমাকে ফোনে গালাগাল ও হুমকি দেন।’
তিনি আরও বলেন, ‘আমি একজন শিক্ষক সহকর্মীকে নিয়ে তাঁর দোকানে গিয়ে বিষয়টি বোঝাতে চাই। কিন্তু তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি তাঁর নাতিকে পাঠিয়ে স্কুলে আমাকে হুমকি দেন। এখন আমি চরম ভয়ের মধ্যে আছি। আমার শিশুসন্তান পর্যন্ত আতঙ্কে রয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত রাজা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ‘প্রধান শিক্ষক ভয়েস রেকর্ড পাঠিয়ে আমাকে বিষয়টি অবহিত করেছেন। আমি তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, ‘ঘটনাটি আমার নজরে এসেছে। প্রধান শিক্ষক চাইলে তিনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। এ বিষয়ে তাঁকে সহায়তা করা হবে।’




