শান্তিগঞ্জে পালিত কুকুরের কামড়ে গুরুতর আহত শিশু ; থানায় অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৯:০৩:৩৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামে তানিশা আক্তার নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশীর একটি পালিত কুকুর আক্রমণ করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানায় ২ জনের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন ওই শিশুর দাদা মৃত মজুমদার আলীর ছেলে সিরাজ মিয়া৷
অভিযুক্তরা হলেন- বেতকোনা গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রাসেল মিয়া ও জাকির মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ভোর আনুমানিক ৬টায় তানিশা আক্তার (৫) নামের ওই শিশু আরবি পড়তে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিল। পথিমধ্যে প্রতিবেশীর বাড়িতে থাকা একটি পালিত কুকুর হঠাৎ শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। শিশুটির চিৎকার শুনে তার দাদা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং প্রতিবেশীদের জবাবদিহি করতে গেলে উল্টো তার সঙ্গে দূর্ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তীতে শিশুটিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান করেন। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে আবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
এ ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
শিশুটির দাদা বলেন, আমি প্রতিবেশীদের জিজ্ঞেস করি কেন তাদের কুকুর আমার নাতীনকে কামড়ালো। তখন তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, ‘তোমার নাতীন আমাদের বাড়ির সামনে গেলে কামড়াবেই। এরপর তারা আমাদের পরিবারের সবাইকে প্রাণে মারার হুমকি দেয়।’ এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় বলে তার ভাষ্য।
অভিযুক্ত রাসেল মিয়ার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




