ধোপাগুলে ক্রাশার মিলসমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ২:৩৬:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : স্টোন ক্রাশার মেশিনসমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে সিলেটের বিমানবন্দর থানা স্টোন ক্রাশার মালিক ও পাথর ব্যবসায়ী সমিতির এক সভা ১৭ জুলাই বৃহস্পতিবার ধোপাগুলস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কবির হোসেন। রাজন আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি শাব্বির আহমদ, আজির উদ্দিন, রাজীব হোসেন লিটু, মামুন ভূইয়া, সবর আলী, আলাল উদ্দিন,লিটন সরকার, লোকমান হোসেন,শাহীনুর রহমান, জিয়া হোসেন প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করেন, সিলেটের জেলাপ্রশাসন কর্তৃক স্টোন ক্রাশার মিলসমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে এ অঞ্চলের হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছে। যুগ যুগ ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে এ অঞ্চলের শতশত স্টোন ক্রাশার চলে আসছে। এসব ক্রাশার মেশিনে হাজার হাজার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ছিলো। পাশাপাশি এইসব স্টোন ক্রাশার মিলে শত কোটি টাকা বিনিয়োগকারী ব্যবসায়ীরা তাদের পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। আকস্মিক স্টোন ক্রাশারসমূহ বন্ধ করে দেয়ায় এ অঞ্চলের ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে সিলেটের ধোপাগুল সহ সংশ্লিষ্ট এলাকায় রাতের বেলায় ভুতুড়ে অবস্থা বিরাজ করে। বিদ্যুৎ না থাকায় ক্রাশার মিল সমূহ এলাকায় সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বক্তারা অবিলম্বে বিচ্ছিন্ন করে দেয়া স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে কর্মহীন মানুষের জীবিকা ফিরিয়ে দেয়ার দাবি জানান।




