তাড়ল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
হাওরপাড়ের শিক্ষার্থীদের শতভাগ সাফল্য আমাকে অভিভূত করেছে- সুনামগঞ্জের জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৯:২১:০২ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শিক্ষায় পিছিয়ে থাকা হাওরপারের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ সাফল্য আমাকে অভিভূত করেছে।
ফলাফলে এগিয়ে থাকা মেয়ে পরীক্ষার্থীদের প্রশংসা করে বলেন, প্রতিকুল পরিবেশে যেখানে ২২জন পরীক্ষার্থীদের ১৮ জন মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যি প্রশংসনীয়। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়েই এমন শতভাগ সাফল্য হয়েছে। পাড়াগাঁয়েও প্রতিষ্টানের এ সফলতা ধরে রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করতে হবে।
তিনি আজ শুক্রবার সকালে দিরাই উপজেলার তাড়ল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলার মধ্যে এবার তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করায় এই সংবর্ধনায় আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু তাহের মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্টাতা পরিচালক জামিল চৌধুরী।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।




