বিপ্লবের’ চেতনায় আমরা রুদ্রের আদর্শ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ; শাবিপ্রবি উপাচার্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ১০:৫৬:০০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: বিপ্লবের’ চেতনায় আমরা রুদ্রের আদর্শ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সিলেটের প্রথম শহীদ রুদ্র সেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
আজ শুক্রবার (১৮ জুলাই ) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ স্মৃতিচারণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে কালো ব্যাজ ধারণ ও রুদ্র সেনকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র প্রযোজনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রে রুদ্র সেনের শৈশব, বিশ্ববিদ্যালয় জীবন, আন্দোলনে অংশগ্রহণ ও তার বীরত্বগাঁথা তুলে ধরা হয়।
স্মৃতিচারণ পর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “রুদ্র সেনের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা দেয় বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে। ‘জুলাই বিপ্লবের’ চেতনায় আমরা রুদ্রের আদর্শ ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীরা ‘রুদ্র সেন সাঁতার ক্লাব’ প্রতিষ্ঠা করলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।”
তিনি আরও জানান, শহীদ রুদ্রের নামে নির্মিত লেকটি আরও নান্দনিকভাবে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, “শহীদদের রক্তে পবিত্র হয়েছে এ মাটি। রুদ্র সেনের স্মৃতি ধরে রাখতে বিভাগীয় প্রকাশনা ও স্কলারশিপ চালু করা প্রয়োজন।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, “শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গঠনে আমাদেরকেই সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার, সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সালাতুল ইসলাম মজুমদার, শিক্ষার্থী পলাশ বখতিয়ার ও ফয়সাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
উল্লেখ্য, রুদ্র সেন ছিলেন সিইপি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৮ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থানে’ পুলিশ ও ছাত্রলীগের দাওয়া খেয়ে বিশ্ববিদ্যালয়ের সুরমা এলাকায় খালে পরে তিনি শহীদ হন।




