সিলেটে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১১:০১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আগামীকাল রোববার। এই অভিযান প্রধান সড়ক, মহাসড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হবে। গত বুধবার বিকেলে এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম (সেবা)।
সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এর বেশি সময় চলাচলরত যেকোনো গাড়ি অবৈধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি, রংচটা, বায়ূ দূষণকারী ও অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিআরটিএ সিলেট কার্যালয়ের সমন্বয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। তবে, পরিবহন নেতৃবৃন্দ এ ব্যাপারে দ্বিমত পোষণ করছেন। তারা অভিযান পেছানোর দাবি জানাচ্ছেন। তবে, পরবর্তী কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।




