সুনামগঞ্জে জুলাই শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১২:২৯:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : জুলাই শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে এক শহীদ এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণে আজ শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে শহীদ পরিবার ও আহতদের সাথে নিয়ে এই বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সোহাগ, আয়াতুল্লাহ ও হৃদয়ের নামে জারুল, পলাশ ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। এছাড়াও জেলার অন্যান্য আহতদের শ্রদ্ধায় প্রাঙ্গণ এলাকায় বিভিন্ন ফুল ও কাটের চারা রোপন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শহীদ আয়াতুল্লাহ’র বাবা সিরাজুল ইসলাম, শহীদ সোহাগের ভাই বিল্লাল মিয়া, জুলাই যোদ্ধা ফয়সল আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল প্রমুখ।




