দিরাইয়ে বিএনপির একাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৫, ৯:৪১:৩৪ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে যেসব নেতাদের বিরুদ্ধে পূর্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তাদের বিরুদ্ধে নেওয়া সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি আমির আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশোচনা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দলের সকল সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।
তাদের আবেদনের প্রেক্ষিতে এবং আন্তরিকতার প্রমাণস্বরূপ রোববার (২০ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমেদ মিলন এবং সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হকের যৌথ স্বাক্ষরে পূর্বের সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
সাংগঠনিক ব্যবস্থা থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন:দিরাই পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল মিয়া,উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান লাল মিয়া,সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রতন কুমার দাস,করিমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক পংকজ দাস,উপজেলা যুবদলের সাবেক সদস্য সইদুর রহমান তালুকদার,মো. নাছির উদ্দিন,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুনেদ মিয়া, চরনারচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তপু রায়হান,ভাটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এহিয়া আহমদ লিটন।
জেলা বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে সিলেট বিভাগীয় টিম লিডার ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ ছিদ্দিকীর বরাবর।




