হবিগঞ্জের ডিসি আওয়ামীলীগের দোসর- এনসিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ১০:৫৩:৫৬ অপরাহ্ন
হবিগঞ্জের ডিসি আওয়ামীলীগের দোসর- এনসিপিঅনলাইন ডেস্ক : হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু হেনা মোস্তাফা কামাল।
এ সময় তিনি বলেন, ‘কয়েক দিন আগেই জেলা প্রশাসককে নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করি। সেই হিসেবে আমরা প্রচার-প্রচারণা করি। কিন্তু আজ বিকেলে আমাদের ডেকে নিয়ে বলেন, এটি রাজনীতিক প্রোগ্রাম, তাই অনুমতি না দেওয়ার কথা জানান।’
আবু হেনা মোস্তাফা কামাল বলেন, ‘জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনীতিক দলের সঙ্গে আঁতাত করে চলছেন। তাঁর আচরণে আমরা বিস্মিত হইনি।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়ক মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্যসচিব অ্যাড. ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠু প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু হেনা মোস্তাফা কামাল জানান, আগামীকাল বৃহস্পতিবারের পদযাত্রা শহরের নিমতলা (শহীদ মিনার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হলে এসে শেষ হবে।




