সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ২:৪৯:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, শুক্র ও শনিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, চকলেট, গরু, বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার আলুটিলায় একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ী এবং থ্রী পিস আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য- ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার ২০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




