পরিদর্শন শেষে জানালেন সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম
‘ধোপাদীঘিরপাড়ে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বহুতল ভবন নির্মিত হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ২:৪২:০১ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার, বিশিষ্ট কর আইনজীবী ও সমাজসেবক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় ধোপাদীঘির পাড়ে নির্মিত হবে একটি আধুনিক বহুতল ভবন।
গতকাল রোববার বিকেলে ধোপাদীঘির পাড়ে রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব ২০ শতাংশ জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ভবিষ্যতে দুর্যোগকালীন সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি আধুনিক ওয়্যারহাউসসহ নানাবিধ সুবিধা-সম্বলিত এই ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সিলেট একটি দুর্যোগপ্রবণ ও ভূমিকম্প সংবেদনশীল অঞ্চল। তাই এ অঞ্চলে দুর্যোগ প্রস্তুতি, যুব নেতৃত্ব বিকাশ ও জরুরি সেবা প্রদানে একটি স্থায়ী অবকাঠামো থাকা অত্যন্ত জরুরি। এই ওয়্যারহাউস দুর্যোগকালীন মুহূর্তে জরুরি ত্রাণ সামগ্রী সংরক্ষণ ও দ্রুত সাড়া দেওয়ার মাধ্যমে কার্যকর সহায়তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, নির্মিতব্য বহুতল ভবনটি সিলেট ইউনিটের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করবে। এটি শুধু একটি ভবন নয়, বরং মানবিকতার প্রতীক হয়ে উঠবে।
পরিদর্শনকালে সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-যথাক্রমে অধ্যাপক মো. ফরিদ আহমদ, মাহবুব কাদির শাহী, মাহাবুবুল হক চৌধুরী, পারভেজ আহমদ, ফয়সল আহমদ, আবু সাঈদ, ইউনিট অফিসার মিজানুর রহমান সহ যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ।
সিলেট অঞ্চলের রেড ক্রিসেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এই ভবনে থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, প্রশিক্ষণ কক্ষ, যুব কার্যক্রমের সেল, ব্লাড ডোনেশন ইউনিট ও আধুনিক সম্মেলন কক্ষ। এটি হবে একটি হিউম্যানিটারিয়ান রেসপন্স হাব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সমাজের দায়িত্বশীল নাগরিকদের রেড ক্রিসেন্টের এই মহতি উদ্যোগে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।-বিজ্ঞপ্তি




