জিন্দাবাজারে ২০০ বোতল ফেনসিডিল কুরিয়ারে পার্সেল করতে গিয়ে আটক- ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ২:৪০:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় কুরিয়ার সার্ভিসে পার্সেল করার সময় ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।
আজ বুধবার বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারার মো. মোতালিবের ছেলে মো. আরমান (৩৪) ও একই এলাকার উত্তর লক্ষনখোলার মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদিম মিয়া (৪১)।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৯ টায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন জিন্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড পার্সেল ডিভিশন জিন্দাবাজার শাখার সামনে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর বিভিন্ন রংয়ের আন্ডারওয়্যার ও বাচ্চাদের বিভিন্ন সাইজের পায়জামা দ্বারা বিশেষভাবে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য রয়েছে মর্মে স্বীকার করে যা তারা পার্সেল করার জন্যে নিয়ে এসেছিল। পরবর্তীতে সেখান থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাদেরকে আটক করা হয়।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।




