এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের সমাপনী অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৬:১৫:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড এর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান গতকাল সিলেট জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারমেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি এ্যান জ্যাকবসন। শুরুতে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান।
গত ২৪ জুলাই শুরু হওয়া এক সপ্তাহব্যাপী এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সাথে সমবেতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়।
এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এর ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন। মহড়ার প্রতিটি ধাপে অংশগ্রহণকারীরা সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানাবিধ কৌশলগত ও প্রায়োগিক কার্যক্রমে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে এই অনুশীলনে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে অনুশীলন সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও, স্মারক হিসেবে প্রত্যেককে ইনসিগনিয়া প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সিলেট অঞ্চলের সকল কমান্ডারগণ, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর এবং সিলেট অঞ্চলের সামরিক বাহিনীর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




