সিলেটে সোয়া ১ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৪:১২:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে প্রায় সোয়া ১ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ী, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াস, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




