জকিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অর্থ সহায়তা প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৭:২৩:১০ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : শিক্ষাই জাতির মেরুদণ্ড- এই আদর্শকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসআইডিপি) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা শিক্ষা অফিস ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মৌলুদুর রহমান। সঞ্চালনায় ছিলেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাব্বির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, “এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও দায়বদ্ধতা তৈরি করবে। শুধু ফলাফলের দিকেই নয়, নৈতিক শিক্ষার দিকেও তাদের মনোযোগী হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশির লেইস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন মিয়া এবং সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের সভাপতি ইমরান আহমদ, হাফসা মজুমদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ, অভিভাবক প্রতিনিধি মাসুক আহমদ, সাংবাদিক এখলাছুর রহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি রিফাত সানজিদা নাবিলা।
অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ও ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষার্থীদের এ স্বীকৃতি শুধু ব্যক্তি নয়, সমাজ ও জাতিকেও এগিয়ে নেবে- এমনটাই প্রত্যাশা সকলের।
আরও পড়ুন : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু
সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার ‘পৌরনীতি’ ও ‘সুশাসন’ পরীক্ষার দুই প্রশ্ন নিয়ে বিতর্ক



