শাবি উপাচার্যের পৃষ্ঠপোষকতায় সিলেটের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ৭:২৮:১৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এর উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেটের এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ৪১২ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আজ রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাহাজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এই ভেঙ্গে পড়া স্কুল এন্ড কলেজটার পরিবর্তন করতে চাচ্ছি। এটাকে সিলেটের মধ্যে সেরা একটা স্কুল এন্ড কলেজে রূপান্তর করার জন্য আমরা কাজ করছি। এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কুলগুলোর আলোকে সাজাতে চাই। আমরা ইতোমধ্যে সেই আলোকে কাজ করার জন্য কয়েকজনকে দায়িত্ব প্রদান করেছি। ভবন সংস্কারের অংশ হিসেবে বহুতল ভবন তৈরির কাজ চলমান রয়েছে। আমাদের ল্যাবরেটরিগুলোর সংস্কার হচ্ছে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো। তবে, একটি বিষয় মনে রাখতে হবে তোমরা এখনো প্রথম পর্যায়ে আছো। এর পর তোমাদের জীবনে আরো অনেক গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। সেগুলোতে ভালো করতে হবে। শুধু মোবাইলের মধ্যে না থেকে গ্রুপে ভাগ হয়ে স্টাডি করতে হবে। লাইব্রেরি মুখী হতে হবে। নতুন কিছুর জন্য নিজের মধ্যে ভাবনা তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সহ-পৃষ্ঠপোষক ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ তারেক ও আরেক সহ-পৃষ্ঠপোষক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী, অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী, কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের প্রভাষক নিলুফা ইয়াসমিন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আ ফ ম মিফতাউল হক, কলেজ মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত রেজিস্ট্রার মো. ইউনুস আলী।




