দিরাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৭:৪৭:৩৬ অপরাহ্ন
- দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে প্রথম বিজয় মিছিল বের করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের কর্মী-সমর্থকরা। মিছিলটি দিরাই শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আরেকটি মিছিল বের হয়, এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া চৌধুরী, কবির মিয়া তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর সমর্থনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে পৃথক একটি বিজয় মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি কার্যালয়ে ফিরে আসে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অন্যদিকে, খেলাফত মজলিস দিরাই উপজেলা শাখার পক্ষ থেকেও বিজয় মিছিল বের করা হয়। পরে যোহরের নামাজের পর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলে এবং শহরের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুরো দিরাইজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ।



