ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন:প্রধান উপদেষ্টা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ১:০২:২২ অপরাহ্ন
ডাক অনলাইন রিপোর্ট:অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।”
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, “এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।”
প্রধান উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন যেন আনন্দ-উৎসবের দিক থেকে, শান্তি-শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সব আয়োজন শেষ করতে আগামীকাল থেকে আমরা সবাই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো।”
জাতির উদ্দেশে দেওয়ার ভাষণের শুরুতে ২৪’র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। শহিদ ও আহতদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এছাড়া মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের প্রাণ হারানো শিশু-শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি দেশ-বিদেশের চিকিৎসক, যারা চিকিৎসায় এগিয়েছে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।




