এম ইলিয়াস আলীর গুমের বিচার সরকার না করলে সেটার প্রতিশোধ ছাত্রদল নিবে- ছাত্রদল সভাপতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৫, ৯:১১:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এম ইলিয়াস আলীর গুমের সাথে যারা জড়িত, সেদিন খুনী হাসিনা সহ যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল তার নিজ হাতে তার প্রতিশোধ নিবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবো। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিবো।
আজ সোমবার সিলেটের এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি হুশিয়ারী করে বলেন, আমরা আজকের এই সম্মেলন ও কাউন্সিল থেকে প্রতিজ্ঞা ব্যক্ত করছি, আমরা এখনো আশায় রয়েছি আমরা তাকে ফেরত পাবো এবং আমরা আশায় রয়েছি আমরা এর সঠিক বিচার পাবো। যদি বিচার না পাই, আবারো বলছি- ছাত্রদল তার প্রতিশোধ নিবে।
এমসি কলেজের অডিটোরিয়ামে এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাইমিনুল হক তপুর সঞ্চালনায় ও আহবায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসান, সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ।
এসময় কাউন্সিলে সভাপতি প্রার্থী খান মোহাম্মদ সামি, রাজিব হোসাইন, হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক প্রার্থী এহসানুল হক তালহা, জুনেদুর রহমান জুনেদ, শাহ হুমায়ূন বক্তব্য রাখেন।




