বিএসসি ইঞ্জিনিয়ারদের চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে শাবিতে বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ৮:৫২:৫২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে চাকরিক্ষেত্রে বৈষম্য ও ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগে তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে প্রধান ফটক হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিলে ‘চব্বিশ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও, হও, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ডিপ্লোমারা টেকনেশিয়ান’সহ নানা স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, চাকরির ক্ষেত্রে ডিপ্লোমাধারীদের জন্য অবৈধ কোটা, রাজনৈতিক প্রভাবে পদোন্নতি, গ্যাজেটের অপব্যবহার, পদের জন্য ঘুষ ও লবিং ও বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগে বাঁধা ও আবেদনের সুযোগ না দেওয়াসহ নানা কারণে বিএসসি ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হয়ে আসছেন। যা ২৪ পরবর্তী বাংলাদেশের জন্য লজ্জার।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের তিন দফা দাবি জানান,
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করতে হবে।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় ডিপ্লোমা ও একই ডিসিপ্লিনে বিএসসি ইঞ্জিনিয়ারদের সমান সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতক ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে অন্যান্য দেশের মত যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন এক্রিডিটেড বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওঊই-ইঅঞঊ এক্রিডেশনের আওতায় আনতে হবে।
সমাবেশে ইইই বিভাগের শিক্ষার্থী তানভির রহমান বলেন, “যারা মেধার সাক্ষর রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না, তারাই ডিপ্লোমাতে ভর্তি হয়। বাস্তবে ডিপ্লোমাতে অধিকাংশই দুর্বল শিক্ষার্থী। শাবির কথা বাদই দিলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুগলে চাকরি পেয়েছে, কিন্তু ডুয়েট থেকে এমন উদাহরণ নেই।” আমাকে একটা উদাহরণ দেখান যে ডুয়েট থেকে কেউ গুগলে গিয়েছে? পাবেন না। ডিপ্লোমার জন্য বাংলাদেশে সবচেয়ে বড় হচ্ছে ডুয়েট। তারাই ভালো কিছু করতে পারেন নাই। তাহলে তাদেরকে কেন এত সুযোগ সুবিধা দেওয়া হবে?




