সাদাপাথর পর্যটনবান্ধবই রয়েছে- সিলেটের জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ৩:০১:১৬ অপরাহ্ন
সাদাপাথর পর্যটনবান্ধবই রয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি জানান, সাদাপাথরে অনেক পর্যটক আসছেন এবং তারা নির্বিঘ্নে উপভোগ করতেছেন। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা এখানে আসুন, এখানে যে অবস্থা রয়েছে, সেটা পর্যটনবান্ধবই রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা আশা করছি যেই পাথরগুলো চুরি হয়েছে, সেগুলো পুনরায় প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময়সাপেক্ষ বিষয়। আমরা সেজন্য প্রস্তুতি নিয়েছি এবং সেটা সম্পন্ন করবো। একইসাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেগুলো যাতে আর কেউ করতে না পারে, সেজন্য যারা এ কাজের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনী ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে।




