ওসমানীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ২:৫৬:২৪ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার গোয়ালাবাজারের ইলাশপুর এলাকায় এ ঘটে। এসময় বাইকের অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত নাজমুল ইসলাম উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের পুত্র। আর আহত হয়েছেন আরশ আলী (৩১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস নামক একটি বাস বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন নাজমুল ইসলাম। এসময় গুরুতর আহত অবস্থায় অপর এক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাজপুর বাজার এলাকায় ঘাতক বাসটিকে আটক করে বাসে আগুন ধরিয়ে দেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত একজনকে হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।




