মৌলভীবাজার বিসিক শিল্প নগরীতে পানি না থাকায় ৩ মাস ধরে উৎপাদন বন্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৪:১৭:৪৪ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজার বিসিক শিল্প নগরী’র কেন্দ্রীয় পাম্প নষ্ট হওয়ায় ৩ মাস ধরে পানি পাচ্ছেন না শিল্প কারখানার মালিকরা। যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিকরা বেকার হয়ে পড়ায় লোকসান গুণতে হচ্ছে কারখানা মালিকদের।
এছাড়া, ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যা, ভঙ্গুর রাস্তা, ক্ষুদ্র শিল্পের উপর বিভিন্ন সংস্থার অহেতুক হয়রানি, নিরাপত্তা সমস্যাসহ সার্বিক সমাধানের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পানল করেছে মৌলভীবাজার বিসিক শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি।
গত বুধবার দুপুরে বিসিক শিল্প নগরী এলাকায় অফিসের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহবায়ক হিরাজ আলী শাহ। এসময় বক্তারা বলেন, ৩ মাস ধরে শিল্প নগরী’র কেন্দ্রীয় পানির পাম্প নষ্ট রয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোন উদ্যোগ না নিয়ে নিজেদের জন্য টিউবওয়েল স্থাপন করছে। অথচ আমরা পানিহীন অবস্থায় রয়েছি। বক্তারা সংকট সমাধানের জন্য ৬ দফা দাবি তুলে ধরেন।




