এমসি এন্ড গভর্ণমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র স্কলারশীপ প্রোগ্রামের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৬:৩৫:০৬ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেট এমসি এন্ড গভর্ণমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্কের স্কলারশীপ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) এমসি কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে এর শুভ উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিবে এই সংগঠন। যার জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
স্কলারশীপ প্রোগ্রামের উদ্বোধক অধ্যাপক গোলাম আহমদ খান বলেন, এমসি ও সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীরা ইউকে-তে থেকেও দেশ তথা দেশের মানুষের কথা ভুলে যাননি, ভুলে যাননি নিজেদের প্রতিষ্ঠানের কথা। সিলেটে দুই দুইবার বন্যা হয়েছে, তখন আমাদের কর্মচারীদের আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তারা, দূরদূরান্তে মানুষদের পাশে থেকেছেন। তারা শুরু থেকেই জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। উনারা আগামীতে তাদের পরিধি আরো বাড়াবেন বলে জানিয়েছেন। আমাদের উভয় কলেজের শিক্ষার্থীরা এই বৃত্তির মাধ্যমে উপকৃত হবে। সাবেক শিক্ষার্থীদের এ সহযোগিতার মানসিকতা প্রশংসাযোগ্য। এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে সেইসাথে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করবে।
এমসি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সিলেট এমসি এন্ড গভর্ণমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্কের প্রতিনিধি হোসেন সরওয়ার তাঁর সংগঠনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বৃত্তি কর্মসূচি এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, তাদের স্বপ্নপূরণে সহায়তা করবে এবং শিক্ষাজীবনে আরও অগ্রসর হওয়ার প্রেরণা জোগাবে।
আর শুভেচ্ছা বক্তব্য ও বৃত্তি কার্যক্রম সর্ম্পকে ধারণা দেন এমসি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পান্না বসু, সিলেট সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সব্যসাচী দত্ত প্রমুখ।
সংগঠন সূত্রে জানা যায়, স্কলারশীপ প্রোগ্রাম-২০২৬ এ এমসি কলেজের ২৫ জন শিক্ষার্থী ও সিলেট সরকারি কলেজের ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। যার মধ্যে এমসির ১৫ জন বিভাগভিত্তিক (স্নাতক), ৬ জন পাস কোর্স ও ৪ জন উচ্চমাধ্যমিক এবং সরকারী কলেজে ৫ জন বিভাগভিত্তিক (স্নাতক), ১০ জন পাস কোর্স ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৪৭৩৫৪৬৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।




