ছাত্রশিবিরের উপস্থিতির কারণ দেখিয়ে শাবিতে সভা থেকে বামপন্থীদের ওয়াকআউট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৮:১০:৪৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের আলোচনায় অংশ নিলেও শেষ পর্যন্ত সভা থেকে ওয়াকআউট করেছে বামপন্থী সংগঠনগুলো। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় তারা।
সোমবার (১৮ আগস্ট) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনে শাকসুর গঠনতন্ত্র পুনঃর্নির্মাণ এবং বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা থেকে বেড়িয়ে যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বিপ্লবী ছাত্র মৈত্রী।
এবিষয়ে ছাত্র ইউনিয়নের শাবিপ্রবি সংগঠক জোবায়ের আহমেদ জুয়েল সাংবাদিকদের বলেন, “আমাদের দল মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। আমাদের অনেক বড় বড় নেতা বীর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। সেই মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ও গণহত্যায় জড়িত সংগঠনের নেতাদের সাথে আমরা কিভাবে বসতে পারি। এজন্য আমরা সভা বয়কট করছি।
এবিষয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “প্রশাসনের আমন্ত্রণে আমরা আলোচনা সভায় যোগদান করি। কিন্তু আলোচনা সভা শুরুর পূর্বে ছাত্র ইউনিয়ন ছাত্রশিবির কে ৭১ বিরোধী ট্যাগ দিয়ে আলোচনা সভা থেকে ওয়াকআউটের ঘোষণা দেয়। পরবর্তীতে অন্যান্য ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে আলোচনা সভা শেষ করে। ২৪ পরবর্তী সময়ে আমরা একটি ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, তাদের মধ্যে ছাত্র ইউনিয়ন ফাটল ধরাতে চাচ্ছে। আমরা ৭১ যেমন ধারণ করি ২৪ কেও ধারণ করি। এ দুটোকে মুখোমুখি দাঁড় করাতে চাই না।”




