সিলেট সিটি কর্পোরেশনের কর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার- ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৬:২১:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে ওইদিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলাম (১৯)।
সিসিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সোয়া ১ টায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুলের নবীন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম এ সালামের কাছে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চান। এসময় এম এ সালাম ৫ জন দোকান কর্মচারীকে নিয়ে মো. ইসমাইল হোসেনের ওপর হামলা করেন। হামলাকারীরা কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে ইসমাইল হোসেন রায়হানের কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে আহত ইসমাইল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন।
পরে মঙ্গলবার ওই ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই ৩ জনকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মামলা হওয়ার পরে তাদেরকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




