নির্বাচনের ৪ বছর পর শপথ নিলেন বালাগঞ্জ সদরের ১০ ইউপি সদস্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ২:২৩:৫৭ অপরাহ্ন
জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে : বালাগঞ্জে ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের প্রায় ৪ বছর পর শপথ গ্রহণ করেছেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ১০জন সদস্য। দীর্ঘ আইনী জটিলতা অবসানের পর গতকাল বুধবার দুপুরে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিদ কুমার চন্দ তাদের শপথবাক্য পাঠ করান।
এ সময় বর্তমান এবং শেষ নির্বাচনে পুনঃনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মুনিম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণকারী ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন, সংরক্ষিত ১নং ওয়ার্ডের ছমরুন নেছা, ২নং ওয়ার্ডের শাহেনা আক্তার সালমা, ৩নং ওয়ার্ডের শেফালি আক্তার। সাধারণ ওয়ার্ডের ২নং ওয়ার্ডের মো. ধন মিয়া, ৩নং ওয়ার্ডের মো. তুরন মিয়া, ৪নং ওয়ার্ডের মো. লিয়াকত আলী, ৬নং ওয়ার্ডের মো. আনোয়ার আলী, ৭নং ওয়ার্ডের জয়দীপ চন্দ্র দাস, ৮নং ওয়ার্ডের মো. মাহবুব আলম তুহিন এবং ৯নং ওয়ার্ডের মনসুর আহমেদ। বিদেশে থাকায় শপথগ্রহণ না করা সদস্যরা হলেন, ১নং ওয়ার্ডের মোহাম্মদ আব্দুল শহিদ এবং ৫নং ওয়ার্ডের মো. আব্দুল মালেক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২১ সালে দেশব্যাপী নির্বাচনের অংশ হিসেবে ১১নভেম্বর বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় বালাগঞ্জ সদর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) আব্দুল মুনিম চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়ার পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়। এরপর নানা আইনী জটিলতায় তৎকালীন নির্বাচিত পরিষদের সরকারি গেজেট এবং দায়িত্বগ্রহণ স্থগিত ছিল।
গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জুনেদ মিয়া তার লিখিত অভিযোগ প্রত্যাহার করেন। এর সূত্র ধরে গতকাল বুধবার নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে চেয়ারম্যান আব্দুল মুনিমের শপথগ্রহণের কথা থাকলেও তা সম্পন্ন হয়নি।
এ বিষয়ে আলাপকালে বর্তমান ও নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, সত্যের জয় হয়েছে। শিগগির শপথগ্রহণের মাধ্যমে বালাগঞ্জ সদর ইউনিয়নের নতুন পরিষদের কার্যক্রম শুরু হবে।




