পিয়াইন নদীতে টাস্কফোর্সের অভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৯:১২:১২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীতে দিনভর টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৩ আগস্ট) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে আটক ও দুইটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযানে আরও অংশ নেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তরিকুল ইসলাম।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী বেষ্টিত হাজীপুর বালুমহাল একাধিক বার টেন্ডার প্রক্রিয়া হলেও উপযুক্ত মুল্য না পাওয়ায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ। কিন্তু সাম্প্রতিক কালে এ নদীতে বালু উত্তোলনের খবর চাউর হলে নড়েচড়ে বসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। দফায় দফায় অভিযান পরিচালনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অধ্য নদীটির লাটি সীমানা হইতে হাজীপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, এ মহাল ইজারা প্রদান করা হয়নি। এখানে বালু ক্রয় বিক্রয় উত্তোলন সহ সকল প্রক্রিয়া নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।




