সিলেটে সাড়ে ১২ হাজার পিস ভারতীয় কিটক্যাট চকলেটসহ যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৯:১১:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে সাড়ে ১২ হাজার পিস ভারতীয় কিটক্যাট চকলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত মো. আমির উদ্দিন (২৫) সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শলার উস্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনাকালে ভারতীয় পণ্য ১২ হাজার ৫৪৪ টি কিটক্যাট চকলেট সহ একটি মিনি পিকআপ আটক করা হয়। আটককৃত ১২ হাজার ৫৪৪ পিস ভারতীয় কিটক্যাট চকলেটের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১ হাজার ৭৬০ টাকা। এসময় ওই পিকআপ থেকে একজনকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




