একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে বেলার প্রচারাভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ১:০৯:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়েছে। (২৫ আগস্ট) সোমবার সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)’র আয়োজনে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এসময় ওই স্কুলের নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের নিয়ে এ প্রচারণায় মূল উদ্দেশ্য উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।
পরবর্তীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে দুটি পৃথক ভিডিও চিত্র দেখানো হয় ও ধারণাপত্র দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়। তখন শিক্ষার্থীরা প্লাস্টিকের ক্ষতিকর দিক ও পরিবেশ বিষয়ে নানা প্রশ্ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খুশনূর রুবাইয়্যাথ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আহমদ আলী।




