সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৭:৪১:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, মঙ্গল ও বুধআর সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছ আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার হরিপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট আটক করে। পরিচালিত সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬৩ লাখ টাকা।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




