গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও, তোলপাড়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ১:১৪:১০ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে এক তরুণী টিকটিক ভিডিও বানিয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই তরুণী The brand @shimaqueen22 নামের টিকটক আইডিতে ভিডিওটা ছাড়েন। এতে দেখা যায় তরুণী ওই অফিসের চেয়ারম্যানের চেয়ারে বসে এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সাজ্জাদ নূরের একটি গানের সাথে লিপসিং করছেন।
প্রশ্ন উঠেছে, চেয়ারম্যান যেহেতু নেই তাহলে এই অফিসের তালা খুলে কারা টিকটিক ভিডিওর সুযোগ দিলো? তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ পাওয়া যাবে এই টিকটক ভিডিও করার সুযোগ করে দিলো কে বা কারা। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওতে আরো দেখা যায়, পেছনের দেয়ালে লাগানো বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল লেখা একটি নাম ফলক। পাশেই সরকারের লগোর নীচে লেখা চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ সিলেট। টেবিলের বামপাশে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মহান বিজয় দিবসের বানানো একটি ক্রেস্ট। তবে, গোলাপগঞ্জ শব্দটি আংশিক রয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক ৩ জনকে শোকজ করা হয়েছে। ঘটনার তদন্তে উপজেলা প্রকৌশলী মো: কামরুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভিডিওটিতে প্রায় সাড়ে ৫হাজার ভিউ হয়েছে। ৫৪২ রিএকশন ও ২৮টি কমেন্ট রয়েছে। ভিডিওটির কমেন্টে একজন ইউজার মন্তব্য করেছেন, ‘অভিনন্দন উপজেলা চেয়ারম্যান সাহেবা’। তবে, এই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম আমেরিকায় চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সারাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করে।




