কোন ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না -জি কে গউছ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ১০:৫৫:২৫ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে স্থানীয় এবং জাতীয় ভাবে ষড়যন্ত্র হচ্ছে। তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না কারণ বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণ বিএনপিকে ভালবাসে তাই জনগণ কষ্ট পাবে এমন কোন কাজ যাতে কেউ না করে সেই জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার বলছেন জনগণের ভালবাসা আদায়ের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে। তাই জনগণ ত্যক্তবিরক্ত হন এমন কোন কাজ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচারের সমালোচনা করে বলেন আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ নাই, যদি নেতৃবৃন্দ আমাকে সভাপতি হিসেবে চান তাহলেই আসবো। আমি দলের জন্য কাজ করি,দলকে ভালবাসি,দলের নেতাকর্মীরা আমার স্পন্দন।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় স্থানীয় চানপাড়া লন্ডনী বাড়ীর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ আমজাল হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনছার উদ্দিন, হারুন লস্কর, শেখ ওমর ফারুক, মো: জাকির হোসেন, জহিরুল হক শরীফ, তানিয়া খানম, শরীফ উদ্দিন আহমেদ ঠাকুর প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা আল আজাদ হোসেন জাবেদ।




